শার্শা সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি নাগরিক ফেরত

Share

যশোর অফিস 
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক এক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার বিকালে ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত অতিক্রমের অভিযোগে মোর্শেদ মন্ডল (৫৫) নামে এক বাংলাদেশিকে আটক করে। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের হায়দার মন্ডলের ছেলে।
পরদিন সোমবার (৬ অক্টোবর) বিকালে গোগা বিজিবি ক্যাম্পের সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল এবং ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পের এসি প্রবীণ চন্দ্রের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে সীমান্ত পিলার ১৭/৭-এস ২৫ আর সংলগ্ন এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই পক্ষের আলোচনার পর জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে বিএসএফ আটক মোর্শেদ মন্ডলকে বিজিবির কাছে হস্তান্তর করে।
গোগা বিজিবি ক্যাম্পের সুবেদার মো. তরিকুল ইসলাম জানান, বিএসএফের মাধ্যমে ফেরত পাওয়া মোর্শেদ মন্ডলের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Read more