যশোরের চৌগাছায় কুলিয়া বাওড় থেকে কঙ্কালসদৃশ লাশ উদ্ধার

Share

যশোর প্রতিনিধি 
যশোরের চৌগাছা উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা কুলিয়া বাওড় থেকে এক ব্যক্তির কঙ্কালসদৃশ লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (০১ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৮টার দিকে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুলিয়া বাওড়ের কচুরিপানার নিচে লাশটি প্রথমে স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া লাশটি ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) এর বলে ধারণা করা হচ্ছে। তিনি পেশায় কৃষক হলেও দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে জড়িত ছিলেন বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানান, প্রায় ৯-১০ মাস আগে আব্দুর রাজ্জাক বাড়ি থেকে নিখোঁজ হন। গত বছরের ডিসেম্বর মাসে মাদক আনতে অবৈধভাবে ভারতে প্রবেশের পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পারিবারিক কলহ ও অবৈধ কর্মকাণ্ডের কারণে তার পরিবার থানায় কোনো নিখোঁজ ডায়েরি বা অভিযোগ দায়ের করেনি।
গ্রামের আশরাফ মল্লিকের মেহগনি বাগানের পাশে কুলিয়া বাওড়ে কঙ্কালসদৃশ লাশ দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি থানায় জানান। পরে ভিকটিমের ছেলে সোহাগ হোসেন লাশটি তার বাবার বলে সনাক্ত করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয়রা দাবি করছে কঙ্কালটি আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির ময়নাতদন্ত করে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে বলা যাবে কঙ্কাল টি কার। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read more