যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলার পারবাজার শিক্ষকপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক বিধবার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী মৃত নজরুল ইসলাম খোকনের স্ত্রী মনিকা ইসলাম বলেন,রাতে ছেলে জুবায়ের ইসলাম তন্ময়কে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরের দরজায় আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার শুরু করেন। মা-ছেলের ডাক শুনেও কেউ সাহায্যে এগিয়ে না এলে তারা দৌড়ে ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় মনিকা দেখতে পান, প্রতিবেশী আজমল হুদা ডাবলুর স্ত্রী লিলি বেগম (৪০), ঘটনাস্থল থেকে দৌড়ে নিজের বাড়ির দিকে চলে যাচ্ছেন। পরে রান্নাঘরেও আগুন জ্বলতে দেখা যায়।
ভুক্তভোগীর অভিযোগ,তার সঙ্গে লিলি বেগমের স্বামী ডাবলুর অতীতে সম্পর্ক ছিল। এর জেরে লিলি আগে একাধিকবার তাকে হত্যার চেষ্টা করেছে। কয়েক মাস আগে একইভাবে তার বাড়িতে আগুন লাগানো হয়েছিল। এছাড়া চলতি মাসের ১১ ই সেপ্টেম্বর রাতে টিউবওয়েলের পানিতে বিষ ঢেলে দেয়ার অভিযোগও রয়েছে। সে ঘটনায় থানায় অভিযোগ করলেও কোন সুষ্ঠু বিচার পাননি বলে জানিয়েছেন মনিকা ইসলাম।
ভুক্তভোগী দর্জি পেশায় কর্মরত। ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।