যশোর অফিস
যশোরের রাজারহাটে পুলিশ পরিচয়ে সংঘটিত স্বর্ণ ডাকাতি মামলায় পুলিশ সদস্যসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে সাতক্ষীরার দেবহাটা ও যশোর সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সন্ধ্যায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়ার মিরপুর উপজেলার আবুরী মল্লিকপাড়া আব্দুল আলীর ছেলে রায়হানুল হক, সাতক্ষীরার দক্ষিণকাঠিয়া আনন্দপাড়া গ্রামের জানকিনাথ সরকারের ছেলে গৌরাঙ্গ সরকার, ইটাগাছা ঘোষপাড়া গ্রামের গণেশ মজুমদারের ছেলে বিকাশ মজুমদার ওরফে বাবু ও উত্তর পলাশপোল গ্রামের আনিচুর রহমানের ছেলে মাহিন রহমান শাওন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, গত ১৪ জুলাই সকাল ৮টার দিকে যশোর শহরতলীর রাজারহাট রেলক্রসিং এলাকায় পুলিশ পরিচয়ে ২/৩ জন দুর্বৃত্ত একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এরপর ওই গাড়িতে সাতক্ষীরার স্বর্ণ ব্যবসায়ী সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু ও দোকান কর্মচারী রাসেল গাজীকে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে তাদের কাছে থাকা ১৯ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ২৬ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের মনিরামপুরের ট্যাংরাখালী এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় ১৫ জুলাই কোতয়ালী মডেল থানায় মামলা রুজু হয়। পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে। এরপর গতকাল সোমবার গভীর রাতে সাতক্ষীরার দেবহাটা ও যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সদস্য রায়হানুল হকসহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রায়হানুল হক ও মাহিন রহমান শাওন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।