যশোরে বিশ্ব নদী দিবস পালিত

Share

যশোর অফিস 
“নদী ও জলাধারের প্রাকৃতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করুন” প্রতিপাদ্যে যশোরে পালিত হলো বিশ্ব নদী দিবস। রবিবার সকালে ভৈরব নদের ব্রীজের উপর বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও ডেমোনেস্ট্রেশন র‌্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এক সময়ের প্রমত্তা কপোতাক্ষ, ভৈরব, চিত্রা ও মুক্তেশ্বরীসহ যশোরের নদীগুলো এখন দখল, দূষণ ও নাব্য সংকটে ভুগছে। নদী মরে গেলে কৃষি, অর্থনীতি ও জনজীবন বিপন্ন হবে। তাঁরা সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, টেকসই ড্রেজিং, স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা’র সিনিয়র সদস্য অধ্যক্ষ পাভেল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আব্দুল মতলেব সরদার এবং ঘোষণাপত্র পাঠ করেন আয়োজক কমিটির আহ্বায়ক ডা. আহসান হাবীব। এসময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ লিয়াকত আলী, অধ্যাপক গোপীকাণ্ড সরকার, অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, শামসুন্নাহার পান্না, অ্যাডভোকেট আবুল কায়েশ, নাজমুল হাসান, উজ্জ্বল কুমার বালা, অধ্যাপক আবুল কাশেমসহ কৃষক, জেলে ও স্থানীয় জনসাধারণ।
ডেমোনেস্ট্রেশন প্রদর্শন করেন বিল হরিনা বাঁচাও আন্দোলন, ভাতুরিয়া আঞ্চলিক কমিটি ও অন্যান্য পরিবেশ আন্দোলনের সদস্যরা। সমাপনী বক্তব্যে বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগের সমন্বয়কারী খন্দকার আজিজুল হক মনি নদী রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।

Read more