যশোর অভয়নগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Share

যশোর অফিস 
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া সিদ্দিপাশা গ্রামে ইয়াসমিন খাতুন (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে সমিতির লোকজন কিস্তির টাকা নিতে ভিকটিমের বাড়িতে এলে শাশুড়ি নাছিমা বেগম জানান ইয়াসমিন ঘরে আছেন। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখা যায় তিনি ঘরের ডাবার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। তাৎক্ষণিক ডাকচিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুপুর ১টা ৩০ মিনিটে ইয়াসমিন মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াসমিনের গলায় আঘাতের চিহ্ন ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে তার মনোমালিন্য চলছিল। তাদের ধারণা, ইয়াসমিনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে।
সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মৃতদেহ বর্তমানে পিতার বাড়িতে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Read more