যশোর অফিস
যশোর শহরের রেলরোড এলাকার জনি কাবাব ঘরে এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (২০) নামে এক এসি মিস্ত্রির করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে।
স্থানীয়রা জানান, কাজ করার সময় এসিতে আগে থেকেই বিদ্যুতের সংযোগ ছিল। বিষয়টি টের না পেয়ে আরিফ হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মী জাফর দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আরিফ যশোরের পুলিশ লাইন কদমতলা এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সহকর্মী জাফর জানান, আরিফ দীর্ঘদিন ধরে এসি মিস্ত্রির কাজ করছিলেন। হঠাৎ এভাবে তার মৃত্যুর খবরে সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।