যশোরে মুদি দোকানে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

Share

যশোর অফিস: যশোর সদর উপজেলার নীলগঞ্জ সাহাপাড়ায় একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিহার টু নড়াইল মহাসড়কের কামাল মোটর মাঠের বিপরীতে অবস্থিত পাইকারি ও খুচরা মুদি দোকান মেসার্স নবাব স্টোর (নবাব মিল নামে পরিচিত) থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দোকানজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৫টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। প্রায় এক ঘণ্টা ৫০ মিনিটের চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা এলাচ, লবঙ্গ, জিরা, সিগারেটসহ বিভিন্ন প্রকারের মুদি পণ্য পুড়ে যায়। এতে দোকান মালিক মো. সাকিব ইমাম লালু (৪৪) প্রায় ১ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Read more