যশোর অফিস:যশোরে প্রেমিকার ঘরে প্রবেশ করায় প্রেমিককে (১৬) গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বাহাদুরপুর তেতুলতলা গ্রামের আমিনুলের মেয়ে সুমাইয়া (১৫)-এর সাথে প্রেমের সম্পর্ক থাকার কারণে তরিকুল (১৬), পিতা উজ্জ্বল হোসেন, বাহাদুরপুর জেস গার্ডেন পার্কের পেছনের বাসিন্দা, সুমাইয়ার ঘরে প্রবেশ করে। এ সময় বিষয়টি টের পান সুমাইয়ার বাবা-মা। তারা চিৎকার করলে স্থানীয়রা এসে তরিকুলকে আটকিয়ে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
পুলিশ তরিকুলকে আইনগত হেফাজতে নিয়ে সকাল ৮টা ২০ মিনিটের দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে পুলিশ প্রহরায় হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।