মাগুরায় মাসুদ গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রে,প্তার

Share

যশোর অফিস 
মাগুরার শালিখায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই মাসুদ গাজী (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি বড় ভাই সিদ্দিক গাজীকে (৪৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে মাগুরার শালিখা উপজেলার নাঘোসা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার সিদ্দিক গাজী শালিখা উপজেলার নাঘোসা গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই সিদ্দিক গাজীর লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজী নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সিদ্দিক গাজী এজাহারভুক্ত ১ নম্বর আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Read more