যশোর অফিস
যশোরের বেনাপোলে গাঁজা ও বিদেশি মদ উদ্ধারের মামলায় ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আব্দুল করিম মল্লিককে খালাস দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মোসা. ফৌজিয়া হাফসা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ইকবাল ও খালাসপ্রাপ্ত আব্দুল করিম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে রঘুনাথপুর মাঠের ২০/২ নম্বর সীমান্ত পিলারের কাছে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা দুজনকে আটক করেন। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ছয় কেজি গাঁজা ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ইকবাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।