যশোর প্রতিনিধি:
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে যশোরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত ৮টায় যশোর পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের উদ্যোগে শহরজুড়ে এ যৌথ মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় জেলা পুলিশের ১০টি টিম, ১০টি গাড়ি ও ৬টি মোটরসাইকেল অংশ নেয়। এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও আনসার বাহিনীর একটি করে টিম মহড়ায় অংশগ্রহণ করে।
মহড়াটি যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে পালবাড়ি মোড়, চাচড়া চেকপোস্ট, মুরালী মোড়, মনিহার মোড়, হাইকোর্ট মোড়, নিউ মার্কেট মোড়, বাবলাতলা ব্রিজ, কাঠালতলা, কাজীপাড়া, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, দড়াটানা মোড়, চিত্রার মোড়, থানা চৌরাস্তার মোড়, চার খাম্বার মোড়, মুরগির ফার্ম, ভেটেরিনারি মোড়, কলাবাগান মোড়, মেডিকেল মোড়, আশ্রম রোড, রেলস্টেশন, চাচড়া রেলগেট, মুজিব সড়ক, দড়াটানা, ঘোপ, বাবলাতলা ব্রিজ, পিবিআই মোড়, পুলিশ লাইন্স ও প্যারিস রোড প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়।
যৌথ মহড়ায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
এছাড়া কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা মহড়ায় অংশ নেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।