মণিরামপুরে অনলাইন জুয়া ব্যবসার অভিযোগে ৪ জন গ্রেপ্তার

Share

যশোর প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও বেটিং ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে মণিরামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, নেহালপুরের কালিবাড়ী বাজারে মো. রেজাউল করিমের চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি অনলাইন জুয়া ও বেটিং খেলায় জড়িত রয়েছেন।
পরে রাত ১০টার দিকে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে কালিবাড়ী বাজারের ওই চায়ের দোকানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬-৭ জন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশের সদস্যরা চারজনকে আটক করতে সক্ষম হন। আটকরা হলেন—মো. শরিফুল ইসলাম (৪০), মো. বাহারুল ইসলাম (২৬), মো. ইসমাইল হোসেন ওরফে রাজু (৩৫) এবং মো. ইমরান হোসেন (২৩)।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন যে, তারা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার সাইটে প্রবেশ করে খেলা পরিচালনা করছিলেন। তারা পলাতক আরও ২-৩ জনের সঙ্গে যোগসাজশে 1xbet, 35BDbet, 2777betসহ বিভিন্ন বেটিং এজেন্ট ও জুয়ার সাইট/অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা এবং বিকাশ ও নগদের মাধ্যমে ই-ট্রানজেকশন করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে তাদের কাছ থেকে একটি Zenx 2, একটি Vivo V30 Lite এবং একটি TECNO SPARK 40C মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. শরিফুল ইসলাম যশোরের মণিরামপুর উপজেলার বালিদা পূর্বপাড়ার মো. আফছার গাজীর ছেলে। মো. বাহারুল ইসলাম নেহালপুর (ঝাইতলা) এলাকার গোলাম মোস্তফা দফাদারের ছেলে। মো. ইসমাইল হোসেন ওরফে রাজু নেহালপুর (আটারঘাট) এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। আর মো. ইমরান হোসেন জয়পুর দফাদারপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনকে বুধবার (১২ আগস্ট) ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Read more