যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় নারী আটক

Share

যশোর প্রতিনিধি:
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।
আটক নারী শিউলি (৪৫)। তিনি মৃত কামাল মিয়ার স্ত্রী ও মৃত সুলতানের মেয়ে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার মাধবপুর থানার নাসিরনগর এলাকায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গলদা গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী মরিয়ম (৫৫) চর্মজনিত চিকিৎসা নিতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসেন। তিনি করোনারি কেয়ার ইউনিটের নিচে অবস্থানকালে শিউলি তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে হাতেনাতে আটক করেন।
পরে হাসপাতালের আইনশৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা শিউলিকে আটক করে হেফাজতে নেন। বিষয়টি যশোর কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Read more