যশোর অফিস
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সারদার নুরুল আমিন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয়ে পৌঁছান। এ সময় তিনি ইমিগ্রেশন কার্যক্রম, যাত্রীসেবা, নিরাপত্তাব্যবস্থা এবং সীমান্ত দিয়ে যাত্রীদের যাতায়াতের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়েদ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.শাখাওয়াত হোসেন এবং নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.আরিফ হোসেন।
ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা এসবি প্রধানকে চেকপোস্টের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক চেকপোস্টে দেশি-বিদেশি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সারদার নুরুল আমিন ইমিগ্রেশন কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রী হয়রানি বন্ধ, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
এ সময় তিনি বলেন, “বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দেশের গুরুত্বপূর্ণ একটি প্রবেশদ্বার। এখানে দেশি-বিদেশি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ইমিগ্রেশন পুলিশকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। যাত্রীসেবার মান আরও উন্নত করার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে।”
পরিদর্শন শেষে এসবি প্রধান ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেনসহ ইমিগ্রেশন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।