যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীদের সংগঠন ‘উন্নত মমশির’।
শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সংগঠনটির উদ্যোগে যবিপ্রবি প্রশাসনের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে কার্যকর সিসিটিভি মনিটরিং নিশ্চিতকরণ এবং ইভটিজিং, হয়রানি ও বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া ক্যাম্পাসে বেপরোয়া ও উচ্চগতির মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ এবং অনুমোদন ছাড়া ভিডিও ধারণ, টিকটকসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে ‘উন্নত মমশির’ সংগঠনের সভাপতি আল সারিয়ার রাফিদ, রসায়ন বিভাগের শিক্ষার্থী নাইমা সুলতানাসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ৭ আগস্ট বিকেলে কয়েকজন যুবক অনুমতি ছাড়া যবিপ্রবি ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় নারী শিক্ষার্থীদের হয়রানি ও অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগ ওঠে। পরবর্তীতে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে প্রক্টরিয়াল বডি অভিযুক্ত যুবকদের অভিভাবকদের ডেকে বিষয়টি অবহিত করে। পরে তারা ঘটনার জন্য ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা দেন বলে জানা গেছে।