প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা ৬ আগস্ট, ৩০ দিনের এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত

Share

প্রেস বিজ্ঞপ্তি 
প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ও নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিরসনে আগামী ৩ আগস্ট আহ্বান করা বিশেষ সাধারণ সভা স্থগিত করা হয়েছে। সভাটি আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
রোববার প্রেসক্লাবের নির্বাহী কমিটি ও নির্বাচন বাস্তবায়ন কমিটির যৌথসভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, বর্তমান কার্যনির্বাহী কমিটির দুই বছরের মেয়াদ শেষ হলে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে একটি ৩০ দিনের এডহক কমিটি দায়িত্ব পালন করবে। এ কমিটি শুধু নির্বাচন আয়োজন এবং ক্লাবের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।
এডহক কমিটির আহ্বায়ক হিসেবে একরাম-উদ-দ্দৌলা এবং সদস্য সচিব হিসেবে মবিনুল ইসলাম মবিন মনোনীত হয়েছেন। এছাড়া ১২ সদস্যের কমিটিতে রয়েছেন ফকির শওকত, বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবীর নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আহসান কবীর, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, এস এম তৌহিদুর রহমান, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব ও আকরামুজ্জামান।
যৌথসভার সিদ্ধান্তগুলো আগামী ৬ আগস্টের বিশেষ সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভা শেষে বর্তমান কমিটি আনুষ্ঠানিকভাবে এডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
সভায় প্রেসক্লাবের সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নিরপেক্ষ হস্তক্ষেপে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সংকটের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় তাঁর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। একই সঙ্গে বর্তমান ও সাবেক সভাপতি জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনা করা হয়। তিনি গত ৯ জুলাই ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে হৃদযন্ত্রে বাইপাস অস্ত্রোপচার করান এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read more