বিজিবির পোশাক পরে ডাকাতি-ছিনতাই, যশোরে ডিবির অভিযানে তিন জন আটক

Share

যশোর প্রতিনিধি:
যশোরে বিশেষ অভিযান চালিয়ে বিজিবির সরকারি পোশাক, ওয়াকিটকি, হাতকড়া ও দেশীয় অস্ত্রসহ তিন প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের বিজিবির সদস্য পরিচয় দিয়ে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল যশোর কোতোয়ালি মডেল থানার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা এলাকায় রবীন্দ্রনাথ রাহার বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালায়।
অভিযানকালে দরজা খুলে একজন নিজেকে বিজিবির সদস্য বলে পরিচয় দেন। পরে ঘরে থাকা আরও দুইজনও একই দাবি করেন। পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন এবং সন্দেহজনক আচরণ করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে তারা বিজিবির সদস্য নন; বরং বিজিবির সরকারি পোশাক পরে বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ করে আসছিলেন।
আটক ব্যক্তিরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে উজ্জল হোসেন (৩০), হরিশচন্দনপুর পূর্বপাড়া, গোগা গ্রামের মো. কাশেম আলীর ছেলে মো. আনারুল ইসলাম (৩২) ও একই এলাকার গোলাম মোস্তফার ছেলে তোফাজ্জেল হোসেন (৩০) আটক করা হয়।
তল্লাশিকালে তাদের বাসা থেকে বিজিবির এক সেট সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি কালো ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট, একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার যন্ত্র ও একটি নোজ প্লাস উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মিরাজুল ইসলাম জানায়, আটক উজ্জল হোসেনের বিরুদ্ধে পূর্বে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ২ আগস্ট ২০২৬ তারিখে আদালতে সোপর্দ করা হয়েছে।

Read more