যশোর অফিস
যশোরের চৌগাছা উপজেলার কাঁচাবাজারে নির্মাণাধীন মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতারা দাবি করেন, বর্তমানে নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ করা হলে কাঁচাবাজারের বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। তাই ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় মসজিদের স্থান পরিবর্তনের দাবি জানান তারা।
লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্ত দোকান মালিক সমিতির সভাপতি মো. শফি উদ্দিন বলেন, চৌগাছা মডেল মসজিদের জন্য প্রথমে নির্ধারিত স্থান পরিবর্তন করে পার্বনিক লাইব্রেরির পেছনে একই মালিকানাধীন অন্য একটি দাগে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হলে বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পাবে। এতে বাজারের প্রায় ১২০টি দোকান আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচবে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে উচ্চ আদালত তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন। ২০১৪ সালে ধর্ম মন্ত্রণালয় থেকে মডেল মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ এলেও ব্যবসায়িক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এখন পর্যন্ত সেখানে নির্মাণকাজ শুরু হয়নি।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বর্তমানে নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ হলে হাজারো ব্যবসায়ী ও তাদের পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে। এছাড়া বিষয়টি নিয়ে একটি পক্ষ রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
ব্যবসায়ী নেতারা আরও অভিযোগ করেন, বাজারের কিছু দোকান নির্মাণের নামে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে মডেল মসজিদের স্থান পরিবর্তন করে বিকল্প নির্ধারিত স্থানে নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বাজারের ইজারাদার আতিকুর রহমান লেন্টু,আবু মুসা, মোহাম্মদ আলী, আনিসুর রহমান, মোহাম্মদ বিল্লাল, শেখ মোহাম্মদ তুহিন, সাইফুল্লাহ প্রমুখ।