যশোরে ২০৫ পিস ইয়াবাসহ দুইজন আটক, সিএইচআর প্রাইভেটকার জব্দ

Share

যশোর প্রতিনিধি:
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের সিএইচআর (CHR) প্রাইভেটকার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান ও সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া কাজীপাড়া গ্রামের মৃত মীর ইসলাম আলীর ছেলে এরশাদ আলী ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মিরাজুল ইসলাম জানান, শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ডিবির একটি চৌকস দল যশোর শহরের পালবাড়ী মোড় এলাকায় গড়াই পরিবহন কাউন্টারের বিপরীত পাশে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় ক্যান্টনমেন্ট দিক থেকে পালবাড়ীর দিকে আসা একটি লাল রঙের সিএইচআর প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গাড়ির চালক মো. মনিরুজ্জামান (৩৫) স্বীকার করেন, তার গাড়িতে ইয়াবা রয়েছে। পরে তার দেখানো মতে গাড়ির সামনের দুই সিটের মাঝখানের টুলবক্সে রাখা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের আরেকটি দল সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মাথাভাঙ্গা দেয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এরশাদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে আরও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে সর্বমোট ২০৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং একটি সিএইচআর প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, আটক দুই আসামিকে ১ আগস্ট সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Read more