রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ করলেন ভূমিমন্ত্রী মিনু

Share

রাজশাহী ব্যুরো:
রাজশাহীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার ২ ও ৩ নম্বর সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে রাজশাহী কলেজের খালি জায়গায়ও বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ উপস্থিত অতিথিরা নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং নগরজুড়ে সবুজায়ন সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে আরও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক, উন্মুক্ত স্থান এবং আরডিএর বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। শুধু চারা রোপণ নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে আরডিএ।

কর্মসূচিতে বক্তারা বলেন, নগরায়ণের ফলে পরিবেশের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ নগরী গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মারুফ হোসেন জীবন, শফিকুল ইসলাম শ্যামল, মোহাম্মদ জয়নাল আবেদীন, নাইম ইসলাম, মোহাম্মদ তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, মোহাম্মদ আজিম উদ্দিন সোহাগ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিরা রোপণ করা গাছগুলোর সুষ্ঠু পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোকে বড় করে, তোলার দায়িত্বও সবার। আরডিএর এ উদ্যোগ রাজশাহীর পরিবেশ উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, আরডিএর উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দিনে আরডিএ পার্কে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

Read more