যশোর অফিস
যশোরে জেলা পর্যায়ে নির্বাচিত যাকাতগ্রহীতাদের মাঝে যাকাতের অর্থ, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মধ্যে সুদমুক্ত ঋণের চেক এবং ডেঙ্গু প্রতিরোধে অংশগ্রহণকারী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের প্রণোদনা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে যশোর জেলা মডেল মসজিদে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মিজানুর রহমান খান এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কাশেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
অনুষ্ঠানে মোট ২০৮ জন সুবিধাভোগীর মাঝে ১০ লাখ ৫১ হাজার ৬৪৮ টাকার চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সমাজে অনেকেই একাধিকবার ওমরাহ পালন করেন। একবার ফরজ হজ পালন করার পর বারবার ওমরাহ পালনের পরিবর্তে সেই অর্থ যাকাত হিসেবে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা অধিক কল্যাণকর। এতে সমাজে ধনী-গরিবের বৈষম্য কমবে এবং প্রকৃত অসহায় মানুষ উপকৃত হবে। তিনি যাকাতের অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানান।
ডেঙ্গু প্রতিরোধে কাজ করা বাংলাদেশ রেড ক্রিসেন্টের সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।