যশোর অফিস
আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে “প্রযুক্তির ফাঁদে প্রতারণা: মানব পাচার প্রতিরোধে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে যশোরের জাগরণী চক্র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ড এম্ব্যাসি ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায়, রূপান্তর ও রাইটস যশোরের বাস্তবায়নে এবং যশোর জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের আহ্বায়ক ও ধারা-এর নির্বাহী পরিচালক লিপিকা দাস গুপ্তা। প্রধান অতিথি ছিলেন যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা। পরে মানব পাচারবিরোধী প্রামাণ্যচিত্র “প্রেরণার আলোকশিখা” প্রদর্শন করা হয়। প্যানেল আলোচনায় অংশ নেন যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, অ্যাডভোকেট ফাহিম রাজ, খন্দকার একলাস হোসেন, বিথিকা সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, ভুয়া চাকরির বিজ্ঞাপন, অনলাইন বিনিয়োগ ও ডিজিটাল স্ক্যামের মাধ্যমে মানব পাচারের ঝুঁকি দিন দিন বাড়ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, স্থানীয় মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যকারিতা জোরদার, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং মানব পাচার থেকে ফিরে আসা ব্যক্তিদের টেকসই পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর মানব পাচার প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, বরং সরকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, উন্নয়ন সহযোগী, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই একটি নিরাপদ ও মানব পাচারমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।