যশোর প্রতিনিধি:
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও চৌগাছা থানা পুলিশের পৃথক অভিযানে মোট ৭০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি প্রাইভেটকারও জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ও সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা, শার্শা, কোতোয়ালি ও চৌগাছা থানা এলাকায় পৃথক অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও চৌগাছা থানা পুলিশ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।
এর মধ্যে বিকেল ৪টা ২০ মিনিটে ডিবির এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি চৌকস দল শার্শা থানাধীন ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের আমতলা গাতীপাড়া গ্রামের গৌড়পাড়া রোডে জনৈক রাজ্জাকের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. মোশারেফ হোসেন (৫৬)কে আটক করে। তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোশারেফ হোসেন চৌগাছা থানার কুলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। বর্তমানে তিনি শার্শার গাতীপাড়া আমতলা এলাকায় শ্বশুর মৃত হারান সরকারের বাড়িতে বসবাস করেন।
একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঝিকরগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামে অভিযান চালিয়ে কাশিনাথ বসু (৪৫) ও মো. আজিজুর রহমান (৩৫)কে আটক করে ডিবি। তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটক কাশিনাথ বসু মৃত মুরালী মোহন বসু ছেলে এবং মো. আজিজুর রহমান মৃত নূর মোহাম্মাদের ছেলে। তাদের দুজন ঝিকরগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।
এরপর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ডিবির এসআই (নিঃ) শিবু মন্ডলের নেতৃত্বে আরেকটি দল কোতোয়ালি থানাধীন হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় ঢাকা-যশোরগামী নড়াইল এক্সপ্রেস লিমিটেডের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. সোহাগ হোসেন (৩৫)কে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সোহাগ হোসেন কোতোয়ালি থানার আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী গ্রামের মো. মহসীন খাঁর ছেলে।
অন্যদিকে, একই রাতে চৌগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মো. আবু বক্কর সিদ্দিক (৩০) নামে একজনকে আটক করা হয়। রাত ৯টার দিকে চৌগাছা থানাধীন বিশ্বাসপাড়া (ব্র্যাকপাড়া) গ্রামের ব্র্যাক অফিসের পাশের গলিতে জনৈক বাবর আলীর বাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে তাকে আটক করা হয়। আবু বক্কর সিদ্দিক ওই এলাকার মো. মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে উদ্ধার করা ইয়াবাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মোশারেফ হোসেন, কাশিনাথ বসু ও আজিজুর রহমানকে ৩০ জুলাই এবং সোহাগ হোসেন ও আবু বক্কর সিদ্দিককে ৩১ জুলাই ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।