যশোর প্রতিনিধি
যশোরে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬-এর দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ৭টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-এর সভাপতিত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
পরীক্ষার প্রথম ইভেন্টে পুরুষ প্রার্থীরা ১ হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীরা ১ হাজার মিটার দৌড়ে অংশ নেন। দ্বিতীয় ইভেন্টে লং জাম্পে পুরুষদের ন্যূনতম ১০ ফুট এবং নারীদের ৬ ফুট দূরত্ব অতিক্রম করতে হয়। তৃতীয় ইভেন্ট হাই জাম্পে পুরুষদের ৩ দশমিক ৫ ফুট এবং নারীদের ২ দশমিক ৫ ফুট উচ্চতা অতিক্রমের শর্ত ছিল।
কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ হওয়ার পরই প্রার্থীরা পরবর্তী ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পান। এছাড়া লং জাম্প ও হাই জাম্পে প্রতিটি প্রার্থীকে সর্বোচ্চ তিনবার চেষ্টা করার সুযোগ দেওয়া হয়।
শারীরিক সক্ষমতা পরীক্ষা শুরুর আগে সকল প্রার্থীকে প্রতিটি ইভেন্টের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। পরে নিয়োগ বোর্ডের সভাপতি ও সদস্যরা প্রার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
তিনটি ইভেন্ট শেষে প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার ব্রিফিং করেন। এ সময় নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনে অনুষ্ঠিতব্য ইভেন্ট সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার নির্দেশনা প্রদান করা হয়।
এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত প্রতিনিধিরা এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা: দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতার তিন ইভেন্ট অনুষ্ঠিত
Share
Read more