যশোর প্রতিনিধি
যশোরে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজারের আহার পল্লী রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সেলিম রেজা লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা লুৎফর রহমান ও মাতা আনোয়ারা বেগম।
জানা যায়, সকালে মোটরসাইকেলে করে যশোর থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে একটি অজ্ঞাত ট্রাক তাঁর মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বারোবাজার হাইওয়ে থানার এএসআই কাওসার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘাতক ট্রাকটিকে শনাক্তে পুলিশ কাজ করছে।