যশোর প্রতিনিধি
যশোরেয চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে চশমা সাইদের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের একটি ঝোপ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে ফোন পেয়ে সাইদ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়ির অদূরে একটি ঝোপের মধ্যে তার গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। এবং মরদেহের পাশেই একটি ধারালো চাকু পড়ে ছিল। এরপর খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো. মিরাজুল ইসলাম এই প্রতিবেদক কে বলেন, সাঈদ ওরফে চশমা সাইদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা সহ মোট ১২টি মামলা রয়েছে। হত্যার নেপথ্যের কারণ এবং কারা হত্যা করেছে উদঘাটন পুলিশ কাজ করছে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা যায়, মাদক ব্যবসাযিক দ্বন্দ্ব , প্রতিদ্বন্দ্বীতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ধরতে পারে।
জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের পৃথক তিনটি টিম মাঠে কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেয়া হয়েছে।