যশোরে নার্সিং ইনস্টিটিউটে ১২ লাখ টাকার চুরি সন্দেহভাজন যুবক কারাগারে

Share

যশোর অফিস
যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার ‘মিরপুর ইনস্টিটিউট অব নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি সেন্টার’ থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় শহিদ শেখ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার (২০জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চাঁচড়া ডালমিল পীর সাহেবের গলির একটি ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে শহিদ শেখকে আটক করা হয়। তিনি ওই এলাকার ইদ্রিসের বাড়ির ভাড়াটিয়া শফিকুল শেখের ছেলে।
কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম জানান, গত ১১ এপ্রিল বিকেল ৫টা থেকে ১৯ এপ্রিল সকাল পৌনে ৯টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাত চোর বা সংঘবদ্ধ চোরচক্র প্রতিষ্ঠানের নিচতলার দুটি গুদাম ও তৃতীয় তলার ভেন্টিলেটার ভেঙে বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ২৫টি কম্পিউটারের সিপিইউ, একটি ল্যাপটপ, একটি এসি, একটি আইপিএস, তিনটি সিসি ক্যামেরা, একটি ডিভিআর মেশিন, ফ্রিজের যন্ত্রাংশ,১৮টি সিলিং ফ্যান,বিভিন্ন সাইজের থাই অ্যালুমিনিয়াম এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১২লাখ টাকা।
এ ঘটনায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া গত ১৯ জুন একই প্রতিষ্ঠানের ভবনের ভেন্টিলেটার ভেঙে আবারও সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটে। তদন্তে শহিদ শেখের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদ শেখ চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। রোববার (২১ জুন) তাকে যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read more