যশোর অফিস
জাতীয় পার্টিকে ধ্বংস করার নানা ষড়যন্ত্র হলেও তা কখনো সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ। তিনি বলেন, “জাতীয় পার্টি এ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এ দলকে শেষ করা সম্ভব নয়।”
শনিবার (২০ জুন) দুপুরে যশোর শহরের বিডি হলে জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর আব্দুস সবুর আসুদ বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছিল। সে সময় মানুষের ক্রয়ক্ষমতা ভালো ছিল এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করত। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে বলেন, জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তবে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
তিনি আগামী দিনে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে এবং দলের চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বকে সুসংহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান।
যশোর জেলা জাতীয় পার্টির নেতা খবির গাজীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান আশু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম মহাসচিব দ্বীন ইসলাম শেখ, হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাসসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।
এছাড়া ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা জাতীয় পার্টির নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মকবুল হোসেন।