যশোর অফিস: যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শহরের রাজারহাট হাতিপোতা এলাকায় এক ব্যক্তি ট্রাকের ধাক্কায় নিহত হন। অপরদিকে বৃহস্পতিবার সকালে ঘোপ বাবলাতলা এলাকায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে আব্দুল হক (৬৫) বাইসাইকেলযোগে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে শহরের রাজারহাট হাতিপোতা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় পথচারী আশরাফুল ইসলাম তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল হক যশোরের ঝুমঝুমপুর এলাকার একটি বিস্কুট কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন। নিউমার্কেট মোড় থেকে আসা একটি প্রাইভেটকার এবং বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা ও মার্কাজুল উলুম মাদ্রাসার ছাত্র মো. রিয়াদ হোসেন (২৮), যশোর শহরের মনিহার এলাকার আসিব উদ্দিন ইমন (২১), নওপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামের সেলিনা বেগম (৪৫), প্রাইভেটকার চালক কাজীপাড়া এলাকার মোস্তফা (৪৪) এবং হামিদপুর-ফতেহপুর এলাকার সুমন (৩৫)।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে মো. সুমনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।