যশোর প্রতিনিধি
যশোরে এক ইজিবাইক চালককে চেতনানাশক পদার্থ প্রয়োগ করে অচেতন করার পর তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে যশোর শহরের আরবপুর এয়ারপোর্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আখতারুজ্জামান (৪০) যশোর সদর উপজেলার ছোট মেঘলা নতুনহাট এলাকার বাসিন্দা। তিনি মৃত বারেক আলীর ছেলে।
স্থানীয়রা রাস্তার পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চেতনানাশক কোনো পদার্থ প্রয়োগ করে তাকে অচেতন করে তার ইজিবাইকটি ছিনতাই করেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল আহসান হাবীব জানান, এ ধরনের অপরাধে জড়িত একটি চক্রকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল। তারা জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুত এ ঘটনায় ইতিবাচক অগ্রগতি পাওয়া যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
যশোরে ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই, হাসপাতালে ভর্তি
Share
Read more