যশোর প্রতিনিধি
যশোরে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মোবাইল ফোন চুরির অভিযোগে গ্রেফতার হওয়া এক নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানার একটি চুরির মামলায় গ্রেফতারকৃত ফারজানা আক্তার শ্রেয়া (২৫) নামে এক নারীকে ১৮ জুন আদালতে সোপর্দ করা হয়। মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ মে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন এক রোগীর সঙ্গে পরিচয়ের সূত্রে অভিযুক্ত নারী তার আস্থা অর্জন করেন।
অভিযোগ অনুযায়ী, রোগীর জন্য ফল কেনার কথা বলে অভিযুক্ত নারী তাকে হাসপাতালের বাইরে নিয়ে যান। একপর্যায়ে কৌশলে রোগীর ব্যবহৃত প্রায় ৩০ হাজার টাকা মূল্যের আইফোন ১৫ প্লাস মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ তদন্তের একপর্যায়ে অভিযুক্ত নারীকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে পূর্বেও চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়েছে।
যশোরে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মোবাইল ফোন চুরির অভিযোগে নারী কারাগারে
Share
Read more