যশোরে টাকা ছিনতাইয়ের চেষ্টায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত

Share

যশোর প্রতিনিধি 
যশোর শহরের আরএন রোডের রাঙ্গামাটি গ্যারেজের সামনে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে যশোর কোতোয়ালি থানাধীন ওই এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জিল্লুর রহমান (৪৫) শহরের মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লুর রহমান চৌরাস্তা এলাকার একটি ব্যাংক বুথ থেকে ২ লাখ টাকা উত্তোলন করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। তিনি আরএন রোডের রাঙ্গামাটি গ্যারেজের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা তিনজন যুবক তার গতিরোধ করে। এ সময় টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Read more