যশোর অফিস
যশোর শহরের উপশহর পার্ক রোডে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় সন্দেহভাজন হিসেবে তাইজুল ইসলাম রাজন নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক তাইজুল ইসলাম রাজন শহরের পূর্ব বারান্দী বাঁশতলা এলাকার তরিকুল ইসলামের ছেলে। বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার জানান, ২০২৫ সালের ১৩ নভেম্বর ভোরে যশোর শহরের উপশহর পার্ক রোডে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির মালিক বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামি তাইজুল ইসলাম রাজনকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।