যশোর অফিস
যশোর শহরের লালদীঘির পাড়স্থ অভিজাত রেস্তোরাঁ “ভোজন বাড়ি”তে ও অনন্যা ঘোষ ডেয়ারির কারখানায় অভিযান চালিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। এ সময় নানা অসঙ্গতির কারণে ভোজন বাড়িকে ১ লাখ টাকা এবং অনন্যা ঘোষ ডেয়ারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, টিমটি প্রথমে ভোজন বাড়িতে অভিযান চালায়। সেখানে গিয়ে রেস্তোরাঁর বাইরের অংশ পরিচ্ছন্ন থাকলেও রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পায়। এছাড়া গ্রিলের মাংস অপরিচ্ছন্ন উপায়ে সংরক্ষণসহ বিভিন্ন ধরনের অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক সোহেল মাহমুদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিক ৩০ হাজার টাকা আদায় করা হয়। বাকী ৭০ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়।
পরে টিমটি ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত অনন্যা ঘোষ ডেয়ারির কারখানায় অভিযান চালায়। সেখানে গিয়ে দেখা যায়, কর্মীরা খালি গায়ে কাজ করছেন এবং স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন মানছেন না। এছাড়া খাদ্যপণ্যে মৃত মশা ও মাছির উপস্থিতি পাওয়া যায়। মিষ্টি উৎপাদনের কক্ষে পাখির বাসা এবং পাখির অবাধ চলাচলও লক্ষ্য করা হয়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মিহির ঘোষের ছেলে কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।