যশোর অফিস
যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় এক কিশোরকে তুলে নিয়ে মারধর ও বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত কিশোর বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত কিশোরের নাম ইয়াসিন ইসলাম ওহি (১৬)। তিনি কোতোয়ালি থানার ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকার ইউনুছ আলীর ছেলে।
পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে গির্জাতলা এলাকা থেকে ইয়াসিনকে ধরে নিয়ে যায় একই এলাকার মেহেদী (২৪) ও শাওন (২২)। পরে তাকে একটি বাড়িতে আটকে রেখে মারধর এবং বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করা হয়।
ভুক্তভোগীর স্বজনরা জানান, ইয়াসিনের খালু শাকিলের সঙ্গে স্থানীয় বাচ্চু ওরফে রড বাচ্চুর দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।
পরে পরিবারের লোকজন খবর পেয়ে ইয়াসিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।