যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজনে কর্মকর্তাদের জন্য “এডমিনিস্ট্রেশন এক্সিলেন্স অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইমরান খান বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক অফিস ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের মাধ্যমে কর্মকর্তারা দাপ্তরিক কাজে আরও দক্ষ, স্বচ্ছ ও দায়িত্বশীল হয়ে উঠবেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সাফল্য অনেকাংশে প্রশাসনিক গতিশীলতা ও আধুনিক অফিস ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহিন।
দিনব্যাপী কর্মশালায় আধুনিক অফিস ব্যবস্থাপনা, ই-নথি পরিচালনা, প্রাতিষ্ঠানিক যোগাযোগ, দাপ্তরিক শিষ্টাচার এবং প্রশাসনিক উৎকর্ষ সাধনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) ড. কে. এম. আনিস-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।