যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মহিদুল নামে এক মাদক কারবারিকে আটক করার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, র্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুন এনায়েতপুর ইউনিয়নের একটি বেসরকারি হ্যাচারির পাশে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ঝোপের ভেতর থেকে নীল রঙের বস্তায় রাখা ৫৮ বোতল WINCEREX COUGH SYRUP উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার সিরাপ ছিল। জব্দকৃত সিরাপে মাদক উপাদান Codeine Phosphate ও Triprolidine Hydrochloride রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। মোট উদ্ধারকৃত সিরাপের পরিমাণ প্রায় ২৯ লিটার এবং এর আনুমানিক মূল্য ২৯ হাজার টাকা।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে এসব সিরাপ সংগ্রহ করেছিলেন বলে স্বীকার করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানায় আবেদন করা হয়েছে।