যশোর কেশবপুরে ভ্যানচালককে অচেতন করে ভ্যান চুরি

Share

যশোর অফিস 
যশোরের কেশবপুরে এক ভ্যানচালককে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে তার ভ্যান চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের রাজনগর বাঁকাবরশী এলাকায় অচেতন অবস্থায় ওই ভ্যানচালককে উদ্ধার করা হয়।
অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ভ্যানচালক দ্বীন ইসলাম (৫৫) উপজেলার বায়সা নূরপুর গ্রামের মৃত দানেস মোড়লের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক এবং বিভিন্ন ক্লিনিকের প্রচারণার জন্য মাইকিংয়ের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) রাত আনুমানিক ১০টার দিকে দ্বীন ইসলাম কেশবপুর বাজার থেকে একজন অজ্ঞাতনামা যাত্রী নিয়ে পাঁজিয়া এলাকার উদ্দেশ্যে রওনা হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন রাজনগর বাঁকাবরশী গ্রামের শ্যামল কপালীর বাড়ির পাশে রাস্তার ধারে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই যাত্রী দ্বীন ইসলামকে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে তার ভ্যানটি চুরি করে নিয়ে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।
কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Read more