যশোর অফিস:
যশোর সদর উপজেলার দুর্গাপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে জমশের (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রোববার (১৪ জুন) রাত আনুমানিক ১০টার দিকে দুর্গাপুর কুয়েতপাড়া এলাকার ঈদগাহ রোডে এ ঘটনা ঘটে। আহত জমশের ওই এলাকার মৃত আনসার গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একই এলাকার মমিনুর (৩৫) নামে এক ব্যক্তি জমশেরকে বুকের নিচে বাম পাশে ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে পুরুষ সার্জারি ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।