যশোর অফিস
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম নিষিদ্ধকরণের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব যশোরের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক), যশোরের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
“বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড” প্রতিপাদ্যে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে এখনও উল্লেখযোগ্য সংখ্যক শিশু বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণসহ নানা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। এসব কাজ শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও স্বাভাবিক বিকাশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
বক্তারা বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম সম্পূর্ণরূপে বন্ধ, জাতীয় কর্মপরিকল্পনা হালনাগাদ, কার্যকর তদারকি ব্যবস্থা চালু, শিশুশ্রমবিরোধী আইন কঠোরভাবে বাস্তবায়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির দাবি জানান।
মানববন্ধন শেষে বক্তারা বর্জ্য ব্যবস্থাপনা খাত থেকে শিশুশ্রম নির্মূলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।