যশোর প্রতিনিধি: যশোর পৌরসভাকে ডেঙ্গুমুক্ত রাখতে এবং এডিস মশার বংশবিস্তার রোধে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিট। আজ সকাল সাড়ে ১০টায় রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন।
উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, পৌরসভার ১৫টি ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার লার্ভা ধ্বংস করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। রেডক্রিসেন্টের ৫০ জনের একটি টিম মাসব্যাপী মাঠপর্যায়ে এই কাজ করবে। যাতে আগামী বর্ষা মৌসুমে যশোরবাসী ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত থাকতে পারে।
তিনি আরও জানান, এই টিমটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বাসাবাড়ি, আঙিনা ও জমে থাকা পানি পরীক্ষা করবে। কোথাও লার্ভা শনাক্ত হলে তা ধ্বংস করার পাশাপাশি নাগরিকদের সচেতন করতে লিফলেট বিতরণ ও পরামর্শ প্রদান করবে।
যশোরে এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় রেড ক্রিসেন্টের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
Share
Read more