যশোরে চাঁদাবাজির প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় যুবক খুন

Share

যশোর প্রতিনিধি:যশোরের চৌগাছায় চাঁদাবাজির প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় জুয়েল রানা (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশের দাবি রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

নিহত জুয়েল রানা উপজেলার মুক্তদাহ গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে।
নিহতের স্ত্রী জানান, জুয়েল রানা ভ্রাম্যমাণ কসমেটিকস ব্যবসায়ী। একই গ্রামের ইউসুফ, কাশেম, বাবুসহ ৫-৬ জন প্রায় তার কাছে চাঁদা দাবি করতো। এর প্রতিবাদ করায় আজ সকালে তারা স্বদলবদলে জুয়েল রানার ওপর হামলা চালায়। খবর পেয়ে তিনি ছুটে গেলে তাকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে জুয়েল রানাকে বেধড়ক মারধর এবং তার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে দেয়। পরে তাকে ছেড়ে দিলে তিনি তার স্বামীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষা শেষে জরুরি বিভাগের চিকিৎসক মোবাশ্বের হাসান তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, জুয়েল রানা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Read more