যশোরে ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মামাকে হত্যা, প্রধান অভিযুক্ত রাব্বি সহযোগী সহ আটক

Share

নিজস্ব প্রতিবেদক:
যশোরের মনিরামপুরে ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর একটি অভিযানিক দল।
নিহত ইমামুল হোসেন (৫০) ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত আনুমানিক ৯টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে পূর্ব শত্রুতার জেরে ইমামুল হোসেনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। অভিযোগ রয়েছে, ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে একই এলাকার রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বি ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রাব্বি ও সহযোগী রাকিবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর একটি অভিযানিক দল। মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেলের পাম সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। তারা ঢাকা থেকে সায়রা পরিবহনের একটি বাসে করে এলাকায় ফিরছিলেন বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন  র‍্যাব-৬ যশোর  কোম্পানি কমান্ডার,মেজর ফজলে রাব্বি, প্রিন্স।

Read more