যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে স্থানীয় একটি কলেজের অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার রামকান্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তি বাঘারপাড়া উপজেলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলী। তিনি বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পূর্বে যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন বলে জানা গেছে।
পরিবারের সদস্যদের দাবি, আজগর আলীর বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। তাঁর ভাই আবদুল হান্নান জানান, সোমবার রাতের দিকে পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে আজগর আলীকে খুঁজতে থাকে। পরিবারের পক্ষ থেকে সকালে আসার অনুরোধ করা হলেও পুলিশ তা মানেনি। একপর্যায়ে দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর পর আজগর আলী ঘরের দরজা খুলে বাইরে এলে তাঁকে আটক করা হয়।
আবদুল হান্নানের অভিযোগ, পুলিশ বাড়িতে প্রবেশের জন্য দরজা-জানালায় চাপ প্রয়োগ করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। তিনি বলেন, আজগর আলী বর্তমানে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই এবং তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাঁকে আটক করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, আজগার আলী আওয়ামী লীগের সহ-সভাপতি,আজগর আলী চলোমান অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে । আজগর আলীকে একটি পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে । তিনি দাবি করেন, অভিযানের সময় আজগর আলী পুলিশের কাজে সহযোগিতা না করে দীর্ঘক্ষণ দরজা না খোলায় পুলিশ দরজা খোলার চেষ্টা করেছিল। তবে দরজা-জানালা ভাঙচুর বা গালাগালের অভিযোগ সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে আটক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হলেও পুলিশ বলছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হয়েছে।