যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত ইমামুল হোসেন (৫০) ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একই এলাকার কয়েকজন ব্যক্তি ইমামুল হোসেনের ওপর হামলা চালায়। অভিযুক্তরা হলেন রবিউল (৪০), হোসাইন (২৫), রাকিব (২০), মেহেদী (২২) ও রাব্বি (১৮)। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে ইমামুলকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন একটা ঘটনা ঘটেছে এখনো বিস্তারিত জানতে পারিনি আমি জেনে জানাচ্ছি।