একক অভিনয়ে যশোরের আয়শা প্রথম, বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ

Share

যশোর অফিস
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতার একক অভিনয় বিভাগে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে যশোরের শিশু আয়শা বিনতে ইসরাইল। এ সাফল্যের মাধ্যমে সে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
আয়শা যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আহসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পর উপজেলা পর্যায়েও একই সাফল্য ধরে রাখে। পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে একক অভিনয় বিভাগে প্রথম স্থান লাভ করে।
রোববার (৭ জুন) যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও ক্যাবিং) প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। এ সময় আয়শা বিনতে ইসরাইলের হাতে প্রথম স্থান অর্জনের সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি. এম. আলমগীর কবির।
আয়শার বাবা মো. ইসরাইল হোসেন যশোর জেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত এবং মা রিপনা খাতুন একজন শিক্ষিকা। নিজের এ সাফল্যের জন্য মা-বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়শা জানায়, ভবিষ্যতে সে একজন বড় অভিনেত্রী হতে চায় এবং জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে যশোরের সুনাম আরও বৃদ্ধি করতে চায়।
আগামী ৯ জুন খুলনায় অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে আয়শা। এ প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য সে যশোরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

Read more