যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও এক কিশোর আহত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার বন্দবিলা ইউনিয়নের চাপাতলা ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান (২২) খোকনের ছেলে এবং আহত নয়ন (১৫) মানিকের ছেলে। তারা উভয়েই বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের চাপাতলা আজমপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান ও নয়ন মোটরসাইকেলযোগে খাজুরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে চাপাতলা ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রমজানকে মৃত ঘোষণা করেন। আহত নয়নকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যশোরে দুই মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, কিশোর আহত
Share
Read more