নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ সাগর এলাকার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি আবু ওবায়দাকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর। বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পশ্চিম তিলছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, সন্ত্রাসী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব-৬ যশোর ক্যাম্প ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আবু ওবায়দা গত ১৯ মে চৌগাছা থানাধীন দক্ষিণ সাগর এলাকায় সংঘটিত বহুল আলোচিত ঝন্টু হত্যা মামলার প্রধান আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার রাত ১১টা ৫ মিনিটের দিকে তাকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পশ্চিম তিলছড়া গ্রামের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও অপরাধসংক্রান্ত তথ্য বিশ্লেষণে জানা গেছে, আবু ওবায়দার বিরুদ্ধে অস্ত্র আইন, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোরের চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলার প্রধান আসামি র্যাবের জালে ধরা