যশোর প্রতিনিধি
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল কথিত অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) কফ সিরাপসহ তিনজনকে আটক করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে এসআই (নিঃ) শিবু মন্ডলের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল যশোর কোতোয়ালি থানার মনিহার-মুড়লি সড়কের বকচর (হুশতলা) এলাকায় শেখ জবিউল্লাহ মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের পিকআপ ভ্যান তল্লাশি করে এর কেবিনের সিটের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২০০ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ১০০ বোতল করে মোট ২০০ বোতল সিরাপ ছিল।
অভিযানে আটকরা হলেন— মো. মনির ওরফে মতিন (৪৮), মো. শমসের আলম (২৮) এবং মো. রাহাত (২৮)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারই আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যশোর জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোরে ডিবির অভিযানে ২০০ বোতল এসকাফ কফ সিরাপসহ ৩ মাদক কারবারি আটক
Share
Read more